৭ আগস্ট প্রাইম ভিডিওতে আসছে ‘ভধান্ধি’র দ্বিতীয় সিজন

জনপ্রিয় তামিল থ্রিলার সিরিজ ‘ভধান্ধি’র দ্বিতীয় সিজন নিয়ে আসছে আমাজন প্রাইম ভিডিও। আগামী ৭ আগস্ট থেকে বিশ্বজুড়ে দেখা যাবে ৮ পর্বের নতুন সিজন ‘ভধান্ধি – দ্য মিস্ট্রি অব মানি’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন এম সসিকুমার। একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় তাকে রাজনৈতিক চাপ, সংবাদমাধ্যমের নজর এবং ব্যক্তিগত দুর্বলতা সামলে একটি তদন্ত এগিয়ে নিতে দেখা যাবে।
প্রথম সিজনের স্রষ্টা অ্যান্ড্রু লুইস এবারও লেখার পাশাপাশি পরিচালনা করেছেন। ওয়ালওয়াচার ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন পুষ্কর ও গায়ত্রী। মাদুরাইয়ের ঐতিহ্যবাহী জল্লিকাত্তু উৎসবের পটভূমিতে এবারের কাহিনী সাজানো হয়েছে। একটি হাইওয়ে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কঙ্কাল উদ্ধারের পর শুরু হয় ‘মানি’ নামের এক পলাতক আসামির খোঁজ।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন যশবন্ত, অনঘা মারুথোরা, অপর্ণা দাস, বিবেক প্রসন্ন, রেবতী শর্মা ও অর্জুন নন্দকুমার। তামিল ভাষার পাশাপাশি এটি তেলেগু ও হিন্দিতে ডাব করা থাকবে এবং ইংরেজিসহ ১৫টি ভাষায় সাবটাইটেল সুবিধা পাওয়া যাবে।