রাজনীতি

৬ মাসে অধিকাংশ অঙ্গীকার পূরণ হয়েছে: রিজভী

১৪ আগস্ট ২০২৬
৬ মাসে অধিকাংশ অঙ্গীকার পূরণ হয়েছে: রিজভী
বিএনপি সরকারের ছয় মাসের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে দাবি করেছেন রিজভী। তিনি জানান, শিগগিরই সরকারের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হবে।

বিএনপি সরকারের ছয় মাসের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ শতাংশ, আবার কোথাও ১০০ শতাংশ লক্ষ্য পূরণ হয়েছে। সরকারের এই অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রিজভী। তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে কিছু সময় লেগেছে। তবে পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচি আরও জোরালো ও দ্রুতগতিতে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পরিবার কার্ড, কৃষক কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বিস্তারিত পরিসংখ্যান সম্বলিত একটি বুকলেট সাংবাদিকদের হাতে দেওয়া হবে জানান রিজভী। এ সময় দলের মহাসচিবের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে পদত্যাগের বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সাধারণ সম্পাদকের ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে রিজভী জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো নির্দেশনা আসেনি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিএনপিরিজভীনির্বাচনি অঙ্গীকারখালেদা জিয়াসংবাদ সম্মেলন