৪ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

বন্ধ বা অবসায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে সংকটে পড়া ৪টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা এক অফিস আদেশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রশাসন ও নিয়ন্ত্রণ নিতে কেন্দ্রীয় ব্যাংকের ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে অস্থায়ী প্রশাসক এবং দুজন করে সহযোগী প্রশাসক কাজ করবেন।
যে চার প্রতিষ্ঠানে প্রশাসক বসানো হয়েছে সেগুলো হলো— আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস। এর আগে মোট পাঁচটি প্রতিষ্ঠান গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও আদালতের অনুমতি না মেলায় পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে আভিভা ফাইন্যান্সে মো. আলাউদ্দীন হোসেন, এফএএস ফাইন্যান্সে আবু সামা মো. আতাউর রহমান, ফারইস্ট ফাইন্যান্সে মো. সাদেকুর রহমান এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে মোহাম্মদ ইকবাল হোসেন অস্থায়ী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁদের সহায়তায় প্রতিটি প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের দুজন করে অতিরিক্ত পরিচালককে সহযোগী প্রশাসক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে প্রায় ২৭ হাজার আমানতকারীর ২ হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে। প্রতিষ্ঠানগুলো বন্ধ করার প্রক্রিয়ার প্রাথমিক ধাপে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা সরকারের সম্মতি পেয়েছে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ছিল ৯৩ থেকে প্রায় ১০০ শতাংশ।