৩০০ বছর ধরে একই ঠিকানায় খাবার পরিবেশন, বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ

১৭২৫ সাল থেকে একই ঠিকানায় খাবার পরিবেশন করে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে স্পেনের বোতিন।
বিশ্বের সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ হিসেবে পরিচিত স্পেনের মাদ্রিদে অবস্থিত ‘রেস্তোরান্তে সোব্রিনো দে বোতিন’। ১৭২৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি তিন শতাব্দী পার হতে চললেও আজ পর্যন্ত একই স্থানে খাবার পরিবেশন করে আসছে।
নিরবচ্ছিন্নভাবে প্রায় ৩০০ বছর ধরে বিশ্বজুড়ে ভোজনরসিকদের সেবা দেওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই রেস্তোরাঁটিকে বিশ্বের প্রাচীনতম চালু রেস্তোরাঁ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
কয়েক শতাব্দী পুরোনো ইতিহাস, ঐতিহ্যবাহী পদের স্বাদ এবং প্রাচীন পরিবেশের সমন্বয়ে বোতিন এখন মাদ্রিদের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। যুদ্ধ, মানুষের রুচির পরিবর্তন এবং অগণিত প্রতিযোগীর উত্থান-পতন সত্ত্বেও এই রেস্তোরাঁটি কীভাবে টিকে আছে, তা নিয়ে এখনও আলোচনা চলছে।