২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় সন্ত্রাসীরা মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে। রোববার সকাল আটটার দিকে সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি টেম্পোতে এসে ভবনে প্রবেশ করে। তারা সেখানে কাজরত শ্রমিকদের মারধর করে এবং দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় হাসান সাকি নামের এক শ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। ভবনের নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজন শ্রমিককে মারধর করা হয়। পরে সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার শিকার ব্যবসায়ী জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। বিষয়টি পুলিশে জানানো হয়েছিল। তিনি থানায় মামলা করবেন বলে জানান।
স্থানীয়রা জানান, বড় দিঘিরপাড় এলাকায় অন্যান্য নির্মাণাধীন ভবনেও চাঁদা নেওয়ার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ১৩ জুলাই চকবাজারে ডিডিএন নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় ২০ জনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। ওই মামলায় মোবারক হোসেন ওরফে ইমনকে চাঁদা দাবিকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।