১০ বছর পর লোগো পরিবর্তন করল ইনস্টাগ্রাম
এক দশক ধরে ব্যবহার করা চেনা লোগো বা ওয়ার্ডমার্কে পরিবর্তন এনে নতুন রূপ উন্মোচন করেছে ইনস্টাগ্রাম।
এক দশক পর নিজেদের চেনা ওয়ার্ডমার্কে পরিবর্তন আনল জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। গত ১০ বছর ধরে ব্যবহার করা কার্সিভ ফন্টের লোগো সরিয়ে নতুন ডিজাইনের ওয়ার্ডমার্ক উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নিজের অ্যাকাউন্টে জানান, গত ১০ বছরে অ্যাপের উপরের লোগোটি পরিবর্তন করা হয়নি, তাই এটি নতুন করে সাজানোর এটাই উপযুক্ত সময় ছিল।
মোসেরির দাবি, নতুন লোগোটি আগের চেয়ে আরও পরিচ্ছন্ন ও আধুনিক। তবে নতুন এই ফন্টে টানা হাত ও ছাপার অক্ষরের এমন এক মিশ্রণ রয়েছে, যা আগের চেয়ে কিছুটা কম স্পষ্ট এবং দেখতে অনেকটা ‘ইনস্টাগজাম’-এর মতো মনে হতে পারে।