স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৮২০

২৬ জুলাই ২০২৬
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৮২০
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮২০ শিশু মারা গেছে, ১ লাখ ৩৯ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বর্তমান পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জনের।

মৃত্যু হওয়া ৪ শিশুর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোণা ও বরিশাল থেকে একজন করে শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৭২৫ শিশু মারা গেছে, অন্যদিকে হাম শনাক্ত হওয়ার পর ৯৫ শিশু মারা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ শিশুর। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৯৫ জনে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

হামশিশু মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরহামের উপসর্গআক্রান্ত