হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত সময়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে এই শিশুদের প্রাণহানি ঘটে। এ ছাড়া এই এক দিনে নতুন করে ৮৭২ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২১ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭৫১ জন উপসর্গ নিয়ে চিকিৎসার আওতায় এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪০ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে সরাসরি হাম শনাক্ত হওয়ার পর ৯৬ শিশু মারা যায় এবং বাকি ৭৪৪ জনের মৃত্যু হয়েছে রোগের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ২৪১ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে উপসর্গ দেখা গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশুর। এ সময়ের মধ্যে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়, যার মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৯৭ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।