হরমোজ প্রণালীতে তেলের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে দায়ী করল ইউএই

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অভিযোগ করেছে যে, হরমোজ প্রণালী পার হওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনোক) একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরের দিকে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজটি আক্রমণের শিকার হয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আবুধাবি এই ঘটনাকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে তেহরানকে অবিলম্বে এসব হামলা বন্ধ করে নিঃশর্তভাবে প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এডনোক জানিয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের ১৫টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, যার মধ্যে এই সপ্তাহেই ঘটেছে ৩টি হামলা। এসব ঘটনায় ১ জন ক্রু নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
হামলার পর আঞ্চলিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদাইবি এটিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক নৌচলাচল সুরক্ষার দাবি জানিয়েছেন। কাতার, জর্ডান এবং সৌদি আরবও এই হামলার কঠোর নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইন ও প্রস্তাব ২৮১৭ লঙ্ঘনের জন্য ইরানকে দায়ী করেছে।