রাজনীতি

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, অবরুদ্ধ সারজিস উদ্ধার, আহত ১৫

২৮ জুলাই ২০২৬
হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, অবরুদ্ধ সারজিস উদ্ধার, আহত ১৫
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ছাত্রদলের হামলায় ১৫ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় এ হামলা চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। হামলার পর সারজিস আলম সোনালী ব্যাংক কার্যালয়ে আশ্রয় নিলে তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে পুলিশ এসে রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন বিকেল ৫টার দিকে টাউনহলের সামনে এনসিপির সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর জিপ গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন এবং পরে ঢাকার উদ্দেশে রওনা হন। অন্যদিকে তাঁর পেছনে থাকা সারজিস আলমের গাড়িতে হামলা করা হলে তিনি নিকটস্থ সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নিতে বাধ্য হন।

ঘটনার খবর পেয়ে এনসিপির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে গেলে ছাত্রদলের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এই সংঘর্ষে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং অন্তত ১৫ জন আহত হন। ঘটনার জন্য এনসিপি নেতারা বিএনপিকে দায়ী করলেও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অভিযোগ করেন, এনসিপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হবিগঞ্জসারজিস আলমনাসীরুদ্দীন পাটওয়ারীএনসিপিছাত্রদল