জাতীয়

স্বৈরাচারী শাসন ফিরলে প্রতিহত করবে সাধারণ মানুষ: জাহিদ হোসেন

৯ আগস্ট ২০২৬
স্বৈরাচারী শাসন ফিরলে প্রতিহত করবে সাধারণ মানুষ: জাহিদ হোসেন
স্বৈরাচারী শাসন ফিরানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে স্বৈরাচারী শাসন ফিরানোর বা জনগণকে উস্কানি দেওয়ার যেকোনো চেষ্টা সাধারণ মানুষই প্রতিহত করবে। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হিলি স্থলবন্দরের ফোরলেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী জানান, বন্দর এলাকার বাণিজ্য প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা রাস্তার কাজ সম্পন্ন হলে ওই বন্দরের আমদানি-রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধি পাবে। এছাড়া হিলি রেল স্টেশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে মালামাল ওঠানামাসহ সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। তিনি বলেন, এই সব উন্নয়নমূলক কাজ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এবং হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়ক নির্মাণের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণের জটিলতায় তা দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমান সরকারের আমলে এই জটিলতা কাটিয়ে কাজটি পুনরায় শুরু হয়।

জাহিদ হোসেনহিলি স্থলবন্দরফোরলেন সড়কদিনাজপুরসড়ক নির্মাণ