স্পাইডার-ম্যান ও দ্য ওডিসি একসাথে দেখা যাবে ইম্যাক্সে

বক্স অফিসের ইতিহাসে সবচেয়ে বড় সপ্তাহান্তের পর স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে এবং দ্য ওডিসি চলচ্চিত্র দুটি ইম্যাক্স সিনেমাহলে একসাথে দেখা যাবে। মঙ্গলবার ইম্যাক্স ঘোষণা করেছে যে, আগামীকাল বৃহস্পতিবার, ৬ আগস্ট থেকে উত্তর আমেরিকার নির্বাচিত ডিজিটাল ইম্যাক্স সিনেমাহলে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে মুক্তি পাবে।
ভেরাইটি পত্রিকার খবরে বলা হয়েছে, দ্য ওডিসির ইম্যাক্সে একচেটিয়া তিন সপ্তাহের প্রদর্শনী শেষ হওয়ার পর স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে এর পাশাপাশি মুক্তি পাচ্ছে। ৩১ জুলাই মুক্তির পর স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ৩৫৫ মিলিয়ন ডলার আয় করেছে, যা ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের পর উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বক্স অফিস ডেবিউ। ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ওডিসিও তার প্রিমিয়ারের কয়েক সপ্তাহ পর ৫১ মিলিয়ন ডলার আয় করেছে।
ভেরাইটির তথ্য অনুযায়ী, টয় স্টোরি ৫, মোয়ানা এবং মিনিয়ন্স অ্যান্ড মনস্টারসসহ এই চলচ্চিত্রগুলোর কারণে বক্স অফিসে রেকর্ডব্রেকিং ৪৩০ মিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে। দ্য ওডিসি বিশ্বব্যাপী ইম্যাক্স নেটওয়ার্কে চলমান থাকবে। চলচ্চিত্রটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ইম্যাক্স বক্স অফিসে ২২১ মিলিয়ন ডলার আয় করেছে, যা জুলাই মাসকে ইম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের মাসে পরিণত করেছে। ইম্যাক্স জানিয়েছে, দ্য ওডিসি বিশ্বব্যাপী বক্স অফিসে একাধিকবার ৪০ মিলিয়ন ডলারের বেশি আয়ের সপ্তাহান্ত তৈরি করার একমাত্র চলচ্চিত্র।