বিনোদন

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন জাহের আলভী

৩ আগস্ট ২০২৬
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী।

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে অধস্তন আদালতে জামিন পেতে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জাহের আলভী। জামিন আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরবর্তীতে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে তা যথোপযুক্ত ঘোষণা করে রায় দেওয়া হয়।

মামলার শুনানিতে জামিনপ্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

জাহের আলভীজামিনহাইকোর্টবিনোদন