অর্থনীতি

স্ট্রিমিংয়ে ভর করে আরটিএল গ্রুপের আয় বাড়লো ৩.৯ শতাংশ

১১ আগস্ট ২০২৬
স্ট্রিমিংয়ে ভর করে আরটিএল গ্রুপের আয় বাড়লো ৩.৯ শতাংশ
ঐতিহ্যবাহী টিভি ব্যবসা ও ফ্রিম্যান্টলে মন্দা সত্ত্বেও চলতি বছরের প্রথমার্ধে ইউরোপীয় মাধ্যম সংস্থা আরটিএল গ্রুপের আয় ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের প্রথমার্ধে ইউরোপীয় গণমাধ্যম সংস্থা আরটিএল গ্রুপ তাদের স্ট্রিমিং খাতে শক্তিশালী প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। ঐতিহ্যবাহী টিভি ব্যবসা এবং কনটেন্ট তৈরি প্রতিষ্ঠান ফ্রিম্যান্টলের আয় কমলেও সার্বিকভাবে কোম্পানিটির রাজস্ব ৩.৯ শতাংশ বেড়ে ২৯০ কোটি ইউরোতে (৩.৩ বিলিয়ন ডলার) পৌঁছেছে। জানুয়ারি থেকে জুন সময়কালে সংস্থাটির সামঞ্জস্যপূর্ণ পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩ কোটি ৯০ লাখ ইউরোতে দাঁড়িয়েছে।

গত জুনে কমকাস্টের কাছ থেকে পে-টিভি কার্যক্রম 'স্কাই ডয়েচল্যান্ড' অধিগ্রহণের ফলে আরটিএলের আয়ের পরিধি আরও সম্প্রসারিত হয়েছে। স্কাই ডয়েচল্যান্ডের সঙ্গে আরটিএল প্লাস যুক্ত হয়ে জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড জুড়ে ১ কোটি ২৪ লাখ গ্রাহকের একটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম গড়ে উঠছে। এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি ২০২৬ সালের জন্য তাদের সম্ভাব্য রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৭.১ থেকে ৭.২ বিলিয়ন ইউরো নির্ধারণ করেছে, যা আগে ছিল ৬.১ থেকে ৬.২ বিলিয়ন ইউরো।

আরটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেমেন্ট শোয়েবিগ জানান, স্ট্রিমিং খাতের আয়ের ওপর ভর করে তারা জার্মানভাষী বাজারে স্পষ্টভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। পুরো বছরে শুধু স্ট্রিমিং খাত থেকেই পরিচালন মুনাফায় প্রায় ১০ কোটি ইউরো যুক্ত হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

ঐতিহ্যবাহী টিভিতে বিজ্ঞাপনজনিত আয় ৪ শতাংশ এবং ফ্রিম্যান্টলের উৎপাদন ব্যবসা থেকে আয় ৭.৭ শতাংশ কমলেও বছরের শেষ নাগাদ তা ঘুরে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে 'বেওয়াচ' নতুন করে নির্মাণ ও ২০২৭ সালের জানুয়ারিতে মার্কিন ফক্স চ্যানেলে এর সম্প্রচার এবং ক্যাথরিন জেটা-জোনস অভিনীত থ্রিলার 'কিল জ্যাকি' ২০২৬ সালের শরতে মুক্তির পর পরিস্থিতি বদলাবে। পাশাপাশি আইপি উন্নয়ন, ছোট ও মাঝারি প্রযোজনা প্রতিষ্ঠান অধিগ্রহণ এবং প্রযুক্তির বিবর্তনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পেছনেও বড় বিনিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ফ্রিম্যান্টলের।

আরটিএল গ্রুপস্ট্রিমিংফ্রিম্যান্টলবিনোদন ব্যবসাইউরোপীয় মিডিয়া