স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ৩৪৮ উপগ্রহের নেটওয়ার্ক তৈরি করছে ইউরোপ
নিজস্ব উপগ্রহভিত্তিক ব্রডব্যান্ড সেবা প্রদানের পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়েছে ইউরোপ। ইউরোপীয় কমিশন ‘আইরিস-২’ নামের স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে প্রকল্পটি পরিকল্পনা পর্যা থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
৭ আগস্ট ইউরোপীয় স্পেস এজেন্সির সহায়তায় ‘স্পেসরাইজ’ কনসোর্টিয়ামের সাথে এই বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করে ইউরোপীয় কমিশন। চুক্তির আওতায় নতুন করে ৬৬টি কৃত্রিম উপগ্রহ যুক্ত করা হবে, যাতে মূল বহরে মোট উপগ্রহের সংখ্যা দাঁড়ায় ৩৪৮টি।
যুক্তরাষ্ট্রের স্টারলিংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং জরুরি সেবা সংস্থার জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করবে।
এই নেটওয়ার্কের মোট ৩৪৮টি উপগ্রহের মধ্যে ৩৩০টি থাকবে পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) এবং ১৮টি থাকবে মধ্য কক্ষপথে (এমইও)। নির্দিষ্ট কিছু মিশনের জন্য অতিরিক্ত সুবিধাও এতে যুক্ত থাকবে। জরুরি অবস্থাসহ যেকোনো পরিস্থিতিতে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়নের এই ফ্ল্যাগশিপ স্যাটেলাইট নেটওয়ার্ক।