স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৭তম ব্যাচের নবীনদের ওরিয়েন্টেশন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য এক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ আয়োজন চলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ নাফে আস-সাবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব আবদুল খালেক। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ফারহানাজ ফিরোজ।
মূল আলোচনায় শিক্ষাসচিব আবদুল খালেক বিশ্ববিদ্যালয়টির উচ্চশিক্ষার প্রসারে ভূমিকা স্বীকার করেন। তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও গবেষণার পাশাপাশি দেশ-সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ফারহানাজ ফিরোজ নবীন শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে পরিশ্রম করতে উৎসাহিত করেন। উপাচার্য অধ্যাপক শরীফ নাফে আস-সাবের বলেন, বর্তমান যুগে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জন করা জরুরি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।