সৌদির সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে নওগাঁর আত্রাই উপজেলার ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা এবং ওই কারখানায় কর্মরত ছিলেন।
রোববার (৯ আগস্ট) রাতে কারখানাটিতে আগুন লাগে। রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মারা যাওয়া সাতজনের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ বা ১৯ জন বলে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়লেও তা নিশ্চিত করা যায়নি।
একই এলাকার একাধিক প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর কান্নায় স্থানীয় পরিবেশ ভারী হয়ে উঠেছে।