সৌদি যাত্রা বিফল, গ্রেপ্তার ডন; ২৯ বছর পর সালমান শাহ হত্যার রহস্য উদ্ঘাটনের আশা
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু ঘটে। মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু চলচ্চিত্র জগতে বড় শূন্যতা তৈরি করে। এরপর থেকেই এই মৃত্যুকে ঘিরে রহস্যের জাল ঘনীভূত হয়, যা আজও সম্পূর্ণভাবে স্পষ্ট হয়নি। সিলেটের জকিগঞ্জের কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর বড় ছেলে সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চলচ্চিত্র জগতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
মামলার তদন্তকারী সংস্থা সিআইডির একটি সূত্র জানায়, সালমান শাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে পলাতক অবস্থায় থাকা বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সৌদি আরব যাওয়ার পথে এক আসামির গ্রেপ্তারের খবর এনেছে নতুন আশা।
রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর লাশ উদ্ধারের পর তাঁর বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। তবে পরিবারের দাবি ছিল, সালমান শাহকে হত্যা করা হয়েছে। নায়কের মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, হত্যা মামলা করতে গেলে পুলিশ তা অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পুলিশের যুক্তি ছিল, অপমৃত্যু মামলার তদন্তে যদি হত্যার প্রমাণ পাওয়া যায়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপ নেবে। ২৯ বছর পর এই আইনি লড়াইয়ে নতুন মোড় আসার সম্ভাবনা দেখা দিয়েছে।