সুগন্ধি চালের কোটা কমাতে উদ্যোগ, ৩ দিনের মধ্যে তথ্য জমার নির্দেশ

স্থানীয় বাজারে সুগন্ধি চালের চাহিদা বৃদ্ধি ও মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে এ চাল বিদেশে পাঠানো নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় পূর্বে দেওয়া অনুমোদন বা কোটা পুনর্নিরীক্ষণ করে তা হ্রাস কিংবা নতুন করে সমন্বয়ের প্রক্রিয়া শুরু করেছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অনুমোদন পাওয়া রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের পাঠানো পণ্যের সঠিক বিবরণ দাখিল করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাহিদার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখায় ব্যবসায়ীদের যাবতীয় তথ্য জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়ার কারণ এবং রপ্তানিকারকদের রপ্তানি না করার বিষয়ের বিবরণও তুলে ধরা হয়েছে।