সীমান্তে মাইন বিস্ফোরণ: বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আবদুল করিম নামের এক বাংলাদেশি যুবক পা হারিয়ে গুরুতর আহত হয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমার ভূখণ্ডে স্থাপিত মাইন বিস্ফোরণে আবদুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ২টার দিকে।
জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬ ও ৪৭ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান থেকে মিয়ানমারের আনুমানিক ১০০ মিটার ভেতরের গরবিটা এলাকার আউং থা পায়া পোস্টে দুর্ঘটনাটি ঘটে। উক্ত সীমান্ত এলাকাটি বর্তমানে রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত আবদুল করিম নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ির স্থানীয় বাসিন্দা মকতুল হোসেনের ছেলে। ভয়াবহ এই বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।