শিক্ষা

সিরাজগঞ্জে প্রশ্নপত্র ভুল ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

২৬ জুলাই ২০২৬
সিরাজগঞ্জে প্রশ্নপত্র ভুল ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
সিরাজগঞ্জের কামারখন্দে প্রশ্নপত্রে ভুল, পাঠদানে অনিয়ম ও মূল্যায়নে অসংগতির অভিযোগে শিক্ষার্থীরা দুটি কক্ষে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রশ্নপত্রে ভুল, পাঠদানে অনিয়ম এবং মূল্যায়নে অসংগতির অভিযোগ তুলে প্রধান শিক্ষক রাশিদুল হাসানের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে তারা বিদ্যালয়ের দুটি কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। পরে বেলা দেড়টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, সম্প্রতি অনুষ্ঠিত দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রশ্নপত্রে ভুল ছিল। তারা অভিযোগ করেছেন, অন্য একটি প্রতিষ্ঠানের ২০২৫ সালের প্রশ্নপত্র অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সিলেবাসের বাইরের প্রশ্নও করা হয়েছে। এ ছাড়া প্রধান শিক্ষক নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হন না বলেও তাদের অভিযোগ। বিশেষ করে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ক্লাসে তাঁর উপস্থিতি অনিয়মিত থাকে।

পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন না করেই নম্বর দেওয়া হয় বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তাদের দাবি, কোনো শিক্ষার্থী ৫০ নম্বরের উত্তর লিখলেও খাতা না দেখেই ৮০ নম্বর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ে ফ্যান, লাইট ও টিউবওয়েলসহ বিভিন্ন জিনিস চুরি হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয়ের বারান্দায় মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও সেগুলো প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগ দেখা যায়নি।

এ বিষয়ে প্রধান শিক্ষক রাশিদুল হাসান বলেন, হাজিরা খাতা দেখলেই শিক্ষার্থীদের অবস্থা বোঝা যাবে। একযোগে প্রাক্-নির্বাচনী পরীক্ষা হওয়ায় পদার্থবিজ্ঞান ও কৃষি পরীক্ষার প্রশ্নে ছাপার ভুল হয়েছে। তিনি জানান, টিফিনের পরে বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে থাকেন না এবং অফিশিয়াল কাজেও তিনি ব্যস্ত থাকেন।

বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল আলম মির্জা উপস্থিত হন। তিনি জানান, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি শিক্ষার্থীদের কক্ষে তালা দেওয়ার বিষয়টিকে গ্রহণযোগ্য বলে মনে করেননি।

সিরাজগঞ্জশিক্ষাপ্রধান শিক্ষকপদত্যাগ দাবিকামারখন্দ