সিরাজগঞ্জে গৃহবধূকে শিলের আঘাতে হত্যা, অভিযুক্ত স্বামী পলাতক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম তানিয়া খাতুন (২৪)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, পারিবারিক কলহের জেরে তাকে মশলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন।
স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শাহপরানের সঙ্গে তানিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় শাহপরান প্রবাসে ছিলেন। পরবর্তীতে দেশে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। নিজের পরিবারে কেউ না থাকায় শাহপরান বিষমডাঙ্গা গ্রামেই শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন এবং এলাকায় রাজমিস্ত্রির সহকারীর কাজ করতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (২৭ জুলাই) রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী একসঙ্গেই ঘরে ঘুমাতে যান। পরদিন মঙ্গলবার সকালে স্বজনরা ঘরের ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রাতের কোনো এক সময় তানিয়াকে মশলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে স্বামী শাহপরান আত্মগোপন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।