সিনহা হত্যা মামলায় আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা, দণ্ড কার্যকর হচ্ছে না

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। ঘটনার ছয় বছর পরও মামলাটি বিচারাধীন রয়েছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে। আপিল বিভাগে রায় না আসায় দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হচ্ছে না।
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশ গুলি করে সিনহাকে হত্যা করে। এরপর গঠিত তদন্ত কমিটি ও র্যাবের তদন্তে পুলিশের অপেশাদারি আচরণের সত্যতা পাওয়া যায়। ২০২২ সালের জানুয়ারিতে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। রায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অন্য পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে গত বছরের ২ জুন হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরপর দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন। তবে সূত্র জানায়, এই আবেদনগুলো এখনো শুনানির কার্যতালিকাভুক্ত হয়নি। ফলে কবে শুনানি শুরু হবে তা নিশ্চিত নয়।
নিহত সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস দ্রুত আপিল নিষ্পত্তি ও দণ্ড কার্যকরের দাবি জানান। তিনি এ বছরই দণ্ড কার্যকর দেখতে চান বলে জানান। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে।