জাতীয়

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, দুই চিকিৎসক ও এক প্রহরী বরখাস্ত

২৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, দুই চিকিৎসক ও এক প্রহরী বরখাস্ত
সাতক্ষীরার হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দুই চিকিৎসক ও এক নৈশপ্রহরীকে বরখাস্ত করেন। পাশাপাশি হাসপাতাল উন্নয়ন ও নতুন সেবা সম্প্রসারণের ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার সাতক্ষীরার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসক এবং চুরির অভিযোগে এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়।

বেলা ১১টার দিকে মন্ত্রী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে অনুমোদিত ছুটি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে চিকিৎসক তন্নীকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। একই হাসপাতালে চুরির ঘটনায় জড়িত এক নাইটগার্ডকেও বরখাস্ত করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী। সেখানেও এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক সোহানা সেলিমকে বরখাস্ত করা হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলে মন্ত্রী জানান, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপর্যাপ্ত। দীর্ঘদিন চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যসেবায় সংকট দেখা দিয়েছে। তবে ধাপে ধাপে এই সমস্যা সমাধানের কাজ চলছে।

মন্ত্রী আরও জানান, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। প্রতিটি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে ডায়ালাইসিস সুবিধা চালু করা হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সেবার মানোন্নয়নের পাশাপাশি শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রীসাতক্ষীরাবরখাস্তহাসপাতাল উন্নয়নডায়ালাইসিস