সাকিবের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ, বাড়িতে অতিরিক্ত পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা সদরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের খবর, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরপরই একদল দুর্বৃত্ত সাকিবের বাড়ির সামনে হামলা চালায়। তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এ সময় ২টি ককটেল নিক্ষেপ করা হয় এবং ইটের আঘাতে বাড়ির ৩টি কাঁচের বেলকনি ভেঙে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনা স্থল থেকে পুলিশ ককটেল ও প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
ওসি আরও জানান, ঘটনার সময় সাকিব আল হাসানের পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।