শিক্ষা

সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

২৬ জুলাই ২০২৬
সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের
সাইবার অপরাধ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সাইবার অপরাধের ঝুঁকি কমানো এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সহায়তা করার উদ্দেশ্যে সারা দেশের অধিভুক্ত কলেজগুলোতে ‘সাইবার সিকিউরিটি ক্লাব’ গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। গতকাল রোববার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একই সময়ে তিনি লালমাটিয়া কলেজে সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধনও করেন।

বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির অগ্রগতির সাথে সাইবার অপরাধও নানা রূপ ধারণ করছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক জালিয়াতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের হুমকি সৃষ্টি করছে। তাই প্রযুক্তি ব্যবহার বাড়ার সাথে সাথে সাইবার সচেতনতার গুরুত্বও বহুগুণে বেড়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাল অগ্রগতি তখনই সার্থক হবে, যখন নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্য নিরাপত্তা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা ও বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম সচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম স্বাগত বক্তব্য রাখেন।

সাইবার সিকিউরিটিজাতীয় বিশ্ববিদ্যালয়সচেতনতাকলেজপ্রযুক্তি