জাতীয়

সরকারি ভবনে বসছে সৌর প্যানেল, নতুন নির্দেশ প্রধানমন্ত্রীর

৩ আগস্ট ২০২৬
সরকারি ভবনে বসছে সৌর প্যানেল, নতুন নির্দেশ প্রধানমন্ত্রীর
জ্বালানি সংকট কাটাতে বঙ্গভবন ও সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে নবায়নযোগ্য শক্তির প্রসারে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বঙ্গভবন, জাতীয় সংসদ ও সচিবালয়সহ সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

জ্বালানি সংকট মোকাবিলায় বৈঠকে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। সরকারি স্থাপনায় সৌর প্যানেল বসানোর পাশাপাশি দেশে সোলার ইনভার্টার তৈরির কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা তৈরির তাগিদ দেওয়া হয়। প্রথম পর্যায়ে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন, সচিবালয় ও পরিকল্পনা কমিশন ভবনে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী জানান, সরকারি ভবনে এই শক্তির ব্যবহার শুরু হলে সাধারণ মানুষও সৌর প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হবে। সভায় প্রাণ-আরএফএল ও ওয়ালটন গ্রুপ পৃথকভাবে বাসাবাড়িতে সৌর প্যানেল বসানো এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা তুলে ধরে। প্রতিষ্ঠানগুলো জানায়, এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং লিফট, এসি বা ফ্যানের মতো বৈদ্যুতিক যন্ত্র চালানো যাবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডা ও এনবিআরের শীর্ষ কর্মকর্তা এবং আমন্ত্রিত ব্যবসায়ীরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু সভার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

সৌরবিদ্যুৎপ্রধানমন্ত্রী তারেক রহমাননবায়নযোগ্য জ্বালানিসরকারি ভবন