রাজনীতি

সবাইকে নিয়ে গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী তৈরি হবে: সালাহউদ্দিন

৪ আগস্ট ২০২৬
সবাইকে নিয়ে গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী তৈরি হবে: সালাহউদ্দিন
রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের মতামত ও জুলাই সনদের প্রস্তাব পর্যালোচনা করে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী তৈরির কাজ শুরু করেছে বিশেষ কমিটি।

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হলো সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগণের সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে একটি সর্বজনগ্রাহ্য সংশোধনীর খসড়া তৈরি করা হবে। দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হওয়া এই বৈঠকে পরবর্তী আলোচনার দিকনির্দেশনা ঠিক করা হয়।

সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবী ও সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলের মতামত নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশোধনী কমিটিতে যোগ দেওয়ার জন্য বিরোধী দল থেকে পাঁচজনের নাম চাওয়া হলেও এখনও তা পাওয়া যায়নি। তবে তারা সরাসরি বৈঠকে অংশ না নিলেও পরবর্তীতে লিখিত বা মৌখিকভাবে কোনো পরামর্শ দিলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বৈঠকে জুলাই জাতীয় সনদের সংবিধান বিষয়ক ৪৮টি প্রস্তাব খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিকভাবে ঐকমত্য হওয়া বিষয়গুলোর পাশাপাশি যেসব ক্ষেত্রে ভিন্নমত রয়েছে, তাও আলাদাভাবে প্রতিবেদনে অন্তর্ভুক্ত রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার করাই তাদের মূল উদ্দেশ্য।

সংবিধান সংশোধনীসালাহউদ্দিন আহমদজাতীয় সংসদজুলাই সনদবিশেষ কমিটি