সন্ত্রাসবিরোধী মামলায় নতুন ধারা বাংলাদেশের ৬ নেতা কারাগারে
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইন ও হামলার একটি মামলায় ‘নতুন ধারা বাংলাদেশ’ নামের রাজনৈতিক দলের ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। বুধবার বিকেলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষযেটি নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো অন্য চার আসামি হলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা (৪০), যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান (৪৭), সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল (৪০) এবং হরি সরকার (৩৬)। আদালতে জমা দেওয়া পুলিশি আবেদনে বলা হয়, আসামিরা বর্তমান সরকারবিরোধী চক্রান্তে লিপ্ত ছিলেন। এ ছাড়া শেখ হাসিনাকে সমর্থন প্রদান, আন্দোলনকারীদের সম্পর্কে কটূক্তি এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।
মামলার নথি অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে উসকানিমূলক মিছিল বের করেন শান্তা ফারজানার নেতৃত্বাধীন কর্মীরা। সেখানে বাধা দিতে গেলে আল নুর মোহাম্মদ আয়াস ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের ওপর দেশি অস্ত্র, পাইপ ও হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাবুল সরদার নামের এক ব্যক্তি শাহবাগ থানায় মামলা দায়ের করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার আদালতে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করে। বিপরীতে চার আসামির পক্ষে আইনজীবী দাবি করেন, আয়াস নামের এক ব্যক্তির হামলার প্রতিবাদেই তারা কর্মসূচি পালন করছিলেন এবং মূল ঘটনায় গ্রেপ্তার এই চারজন জড়িত ছিলেন না। শুনানি শেষে বিচারক চারজনের জামিন আবেদন নামঞ্জুর করেন। ওকালতনামায় একাধিক স্বাক্ষর থাকায় মোমিন মেহেদী ও শান্তা ফারজানার জামিন শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।