জাতীয়

শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় বাইকচালক নিহত, আটক ২

২৬ জুলাই ২০২৬
শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় বাইকচালক নিহত, আটক ২
রাজধানীর শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় আহত রাইড শেয়ারিং চালক সবুজ রহমান ঢাকা মেডিকেলে মারা গেছেন।

রাজধানীর শেরেবাংলা নগর থানার শেওড়াপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সবুজ রহমান (৩০) নামে এক রাইড শেয়ারিং চালকের প্রাণহানি ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হিমালয় পরিবহনের বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস সবুজকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চাকা তাঁর হাতের ওপর দিয়ে চলে যায় এবং মাথায় থাকা হেলমেটটি ভেঙে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় বাইকের অপর আরোহী সামান্য আহত হন।

নিহত সবুজ নীলফামারী জেলার ডিমলা থানার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে এবং তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনাশেওড়াপাড়াঢাকা মেডিকেলনিহত