শিবগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিনোদপুর খাসেরহাট বাজারে এ সংঘাত ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
জানা গেছে, বুধবার কালীগঞ্জ বাজারের ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে পরদিন বৃহস্পতিবার সকালে এরাদতটোলা বাজারে এক যুবককে মারধর করা হয়।
এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় চাঁদশিকারি গ্রামের লোকজনের সঙ্গে এরাদতটোলা ও পাঁকাটোলা গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে মো. কাওসার ও মো. নাঈম শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।