শিক্ষাঙ্গনে হামলার অভিযোগ: চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি চকবাজার প্যারেড মাঠের উত্তর প্রান্ত থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নগর উত্তর সভাপতি মোমিনুল হক।
সমাবেশে মোমিনুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিন্নমত দমনে হামলা ও সহিংসতার পথ পরিহার করা প্রয়োজন। একই সঙ্গে সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।