শিক্ষকতা ছেড়ে মানব পাচার: ইতালি নেওয়ার নামে অর্ধশত যুবক লিবিয়ায় বন্দি

মাদ্রাসার সহকারী শিক্ষকের চাকরি ছেড়ে মানব পাচারে জড়িয়ে মাত্র দুই বছরে কোটিপতি বনে গেছেন মাদারীপুরের খন্দকার হাবিবুর রহমান। ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগীদের ইতালি না পাঠিয়ে লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতন ও পরিবারের কাছ থেকে দফায় দফায় মুক্তিপণ আদায়ের ঘটনা প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, হাবিবুর ডাসার উপজেলার ধজি হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২৫ হাজার টাকা বেতনে শিক্ষকতা করতেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর প্রায় ছয় মাস আগে তিনি চাকরি থেকে পদত্যাগ করেন। ইতালি নেওয়ার কথা বলে তিনি জনপ্রতি ১৮ থেকে ২০ লাখ টাকার চুক্তি করতেন। সংগৃহীত যুবকদের ইতালি না পাঠিয়ে লিবিয়ার মাফিয়াদের কাছে হস্তান্তর ও বন্দিশালায় আটকে রাখা হয়। প্রায় ১০ মাস থেকে এক বছর ধরে সেখানে বহু যুবক মানবেতর দিন কাটাচ্ছেন।
গত দুই বছরে হাবিবুরের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংকে থাকা তাঁর চারটি হিসাব স্থগিত করেছে। এছাড়া সিআইডি তাঁর ব্যাংক লেনদেন খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে।
সম্প্রতি ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা হাবিবুরের বাড়ি ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।