বিনোদন

লস অ্যাঞ্জেলেসে ভক্তদের চমকে দিলেন নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলক

২ আগস্ট ২০২৬
লস অ্যাঞ্জেলেসে ভক্তদের চমকে দিলেন নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলক
লস অ্যাঞ্জেলেসের এক কবরস্থানে 'প্র্যাকটিক্যাল ম্যাজিক' সিনেমার বিশেষ প্রদর্শনীতে হঠাৎ উপস্থিত হয়ে ভক্তদের চমকে দিয়েছেন স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান।

লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড ফরএভার সেমিট্রিতে ১৯৯৮ সালের জনপ্রিয় সিনেমা 'প্র্যাকটিক্যাল ম্যাজিক'-এর একটি বিশেষ প্রদর্শনী চলাকালে আকস্মিক উপস্থিত হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তারকা অভিনেত্রী স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান। সিনেমাটিতে ওওয়েন্স দুই বোনের চরিত্রে অভিনয় করা এই তারকা জুটি সশরীরে উপস্থিত হয়ে ভক্তদের অভিবাদন জানান।

অনুষ্ঠানে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিক্যুয়েল 'প্র্যাকটিক্যাল ম্যাজিক ২'-এর অভিনয়শিল্পী জোই কিং ও মেসি উইলিয়ামসও যোগ দেন। স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান পর্দায় তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে জোই ও মেসিকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন। এরপর পুরো আয়োজনে উপস্থিত ভক্তদের সঙ্গে মারগারারিটার গ্লাস উঁচিয়ে অভিবাদন জানান তারকারা।

সুসান বিয়ার পরিচালিত এই সিনেমাটির নতুন পর্বটি আগামী বছরের ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রথম পর্বের ২৮ বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন এই সিনেমাটি, যা অ্যালিস হফম্যানের ২০২১ সালের উপন্যাস 'দ্য বুক অব ম্যাজিক' অবলম্বনে লিখিত। সিনেমাটিতে নতুন ও পুরনো আমেজ ফুটিয়ে তুলতে আরও অভিনয় করছেন জোলো মারিডুয়েনা, লি পেস, স্টককার্ড চ্যানিং এবং ডায়ান উইস্ট।

আউটডোর স্ক্রিনিং সংস্থা সিনেসপিয়ার ২৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে লস অ্যাঞ্জেলেসের হলিউড ফরএভার সেমিট্রিতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

হলিউডনিকোল কিডম্যানস্যান্ড্রা বুলকসিনেমা