লক্ষ্মীপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল ও শিবিরের হট্টগোল

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে অনুষ্ঠান চলাকালে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন। এতে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ জানান। এর জেরে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে চরম বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাময়িকভাবে অনুষ্ঠান ব্যাহত হলেও দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিবেশ শান্ত করেন। পরে কার্যক্রম আবার চালু হয়। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক জানান, বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষে কথা-কাটাকাটি হয়েছিল। তবে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় পুলিশ পরিস্থিতি দ্রুত সামলে নেয়।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।