জাতীয়

রোববার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮ আগস্ট ২০২৬
রোববার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৯ আগস্ট প্রথমবার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান; দিনভর রয়েছে একাধিক কর্মসূচি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামী ৯ আগস্ট রবিবার প্রথমবার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি চূড়ান্ত হওয়ার পর সার্বিক প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। দেশের নতুন এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো।

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ঘরহারা ১০০টি পরিবারের মাঝে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

দুপুর ১টায় ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হাটহাজারী গিয়ে আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে এক অনুদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর তৈরির জন্য এক লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেবেন তিনি।

সন্ধ্যায় চট্টগ্রাম শহরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ-সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এই সভায় তৃণমূলের নেতারা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাবেন। সফর শেষে রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানচট্টগ্রাম সফরবিএনপিমাতারবাড়ীত্রাণ বিতরণ