জাতীয়

রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় যুবক মারাত্মক আহত

২৯ জুলাই ২০২৬
রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় যুবক মারাত্মক আহত
চট্টগ্রামের দোহাজারীতে রেললাইনে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় তেলবাহী ট্রেনের ধাক্কায় মোরশেদ আলম নামের এক যুবক মারাত্মক জখম হয়েছেন।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মোরশেদ আলম (২৫) নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত যুবকের বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকায়।

দোহাজারী রেলস্টেশনের মাস্টার নেছার উল্লাহ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি তেলবাহী ট্রেন বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে দোহাজারী ডিপোতে পৌঁছায়। ওই সময় মোরশেদ তাঁর স্ত্রী ও ১ বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে সাইডিং লাইনে ভিডিও করছিলেন। ট্রেনটি পেছন থেকে সামনে ঠেলে নেওয়ার (শান্টিং) সময় চালক বারবার হুইসেল বাজালেও ভিডিওতে মগ্ন থাকায় তা তাঁদের খেয়ালে আসেনি। ফলে লাইন থেকে সরে না যাওয়ায় মোরশেদ দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও রেলওয়ের তিন কর্মী তাঁকে উদ্ধার করে রিকশায় দোহাজারী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ রকিবুল হাসান জানান, মোরশেদের বাঁ পায়ের গোড়ালি ও ডান পায়ের পাতা থেঁতলে গেছে। পাশাপাশি তাঁর বাঁ হাতের ৩-৪টি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত সেবার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রেল দুর্ঘটনাদোহাজারীচট্টগ্রামট্রেন দুর্ঘটনা