রেলওয়েতে ৭২ ট্রেন দেরি, পূর্বাঞ্চলে ৪৪টি বিলম্ব

২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত মাত্র আট দিনের মধ্যে ৭২টি ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। এর মধ্যে পূর্বাঞ্চলে ৪৪টি এবং পশ্চিমাঞ্চলে ২৮টি ট্রেন বিলম্বিত হয়েছে।
রেলওয়ে অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গেছে, ইঞ্জিন বিকল, লাইনচ্যুতি, রেললাইন ব্রোকেন, অতিবৃষ্টি, কোচের ক্ষয়ক্ষতি, সিগন্যাল সমস্যা, বৈদ্যুতিক ত্রুটি এবং দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ ইত্যাদি কারণেই ট্রেনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
কুড়িগ্রাম এক্সপ্রেসের ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ইঞ্জিন বিকল হওয়ায় ৪ ঘণ্টা ১০ মিনিট দেরি হয়। সোনার বাংলা এক্সপ্রেস ৩১ জুলাই ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে, আর জারিয়া লোকাল ২ আগস্ট ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরি করে।
রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ইঞ্জিন বিকল ও লাইনচ্যুতি ইত্যাদি অনাকাঙ্ক্ষিত কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।