রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে দলের একটি প্রতিনিধিদল এই আবেদন জমা দেয়।
মির্জা ফখরুলের এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে সই করেছেন অপর স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ না থাকায় ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।
সাধারণত এ নির্বাচনে বিরোধী দল প্রার্থী না দিলেও এবার অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। একাধিক প্রতিদ্বন্দ্বী থাকলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের কক্ষে ভোট গ্রহণ হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমার সময়। প্রাপ্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।