রাষ্ট্রপতি নির্বাচনে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ভোটে বাধা নেই

দল থেকে বাদ পড়লেও রাষ্ট্রপতি নির্বাচনে সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোটাধিকার প্রয়োগে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির। রোববার (৯ আগস্ট) হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনে গুম প্রতিরোধ আইন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
শিশির মনির বলেন, গাজী নজরুল ইসলাম বর্তমানে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোট দিতে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী দেওয়ার পদক্ষেপকে গণতান্ত্রিক রাজনীতির জন্য এক নতুন বার্তা হিসেবে অভিহিত করেন তিনি।
অন্য এক প্রসঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে রূপান্তরের নতুন সরকারি খসড়া নিয়ে অসন্তোষ জানান শিশির মনির। তিনি অভিযোগ করেন, অনুমোদিত নতুন খসড়াটি বৈশ্বিক মানদণ্ড থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে।
এই আইনজীবী উল্লেখ করেন, প্রস্তাবিত আইনে গুমের তদন্ত প্রক্রিয়া পুলিশের হাতে ন্যস্ত করা এবং যাবতীয় তথ্যের নিয়ন্ত্রণ সরকারের কাছে রাখার বিধান রাখা হয়েছে। এতে করে নিরপেক্ষ তদন্ত ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ নিয়ে বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।