রামুর সড়ক দুর্ঘটনায় ২ বোনসহ নিহত ৩, আহত ৩

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হন। সোমবার বেলা ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক মামলার হাজিরা দিতে সকালে উখিয়া থেকে কক্সবাজার আদালতে গিয়েছিলেন রুবিনা আক্তার ও শাহিনা আক্তার নামের ২ বোন। আদালতের কাজ শেষ করে বেলা ১টা ৩০ মিনিটের দিকে তাঁরা অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির তীব্র ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ২ বোনের মৃত্যু হয়। তাঁরা উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহত পুরুষ যাত্রীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।