শিক্ষা

রাজবাড়ীর দুই প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, অকৃতকার্য ১০ পরীক্ষার্থী

১১ আগস্ট ২০২৬
রাজবাড়ীর দুই প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, অকৃতকার্য ১০ পরীক্ষার্থী
রাজবাড়ীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন পরীক্ষার্থীর সবাই এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

রাজবাড়ী জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো রাজবাড়ী সদর উপজেলার গাবলা দাখিল মাদরাসা এবং জালদিয়া উচ্চ বিদ্যালয়। ১০ আগস্ট সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর তথ্যটি জানা গেছে।

জেলা শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, গাবলা দাখিল মাদরাসা থেকে এবার ৩ জন এবং জালদিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তাঁদের কেউই উত্তীর্ণ হতে না পারায় দুটি প্রতিষ্ঠাতেই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

চলতি বছর পুরো জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার ৫২.৭২ শতাংশ এবং সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ এসএসসিতে ৯ হাজার ৭৬৮ জন অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৮৭৬ জন। সেখানে পাসের হার ৬০.১৬ শতাংশ এবং জিপিএ-৫ এসেছে ৪১৮টি।

এছাড়া দাখিলে ২ হাজার ১৯ জনের মধ্যে ৯৮৭ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৫ জন, যা শতকরা হিসেবে ৪৮.৮৯ শতাংশ। আর ভোকেশনাল শাখা থেকে ১ হাজার ৫৭০ জন পরীক্ষা দিয়ে ৭৭১ জন পাস করেছে ও ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যেখানে পাসের হার ৪৯.১১ শতাংশ। তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ।

রাজবাড়ীএসএসসি ফলপাসের হার শূন্যশিক্ষা অফিসঅকৃতকার্য