জাতীয়

রাজবাড়ীতে বিচ্ছিন্ন বগির ধাক্কায় ৩ যানবাহনের সংঘর্ষ, প্রাণহানি ২

২৭ জুলাই ২০২৬
রাজবাড়ীতে বিচ্ছিন্ন বগির ধাক্কায় ৩ যানবাহনের সংঘর্ষ, প্রাণহানি ২
রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় তিনটি যানবাহন দুমড়ে-মুচড়ে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে পড়া কয়েকটি বগির সঙ্গে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। গত রোববার (২৬ জুলাই) রাত ৮:৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন। উদ্ধারকাজ শেষে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নিলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ফরিদপুর ধুলদি পাওয়ার প্ল্যান্ট থেকে তেল নিয়ে ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। খানখানাপুর ক্রসিং অতিক্রম করার সময় ২৬টি বগির মধ্যে ২১ ও ২২ নম্বরের মাঝখান থেকে ট্রেনটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিনসহ সামনের অংশ পার হয়ে গেলে গেটম্যান শেষ ভেবে ব্যারিয়ার তুলে দেন। এর পরপরই পেছন থেকে গড়িয়ে আসা বিচ্ছিন্ন বগিগুলো ক্রসিং পার হতে যাওয়া যানবাহনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ধাক্কায় মাহেন্দ্রটিকে প্রায় ১০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় বগিগুলো এবং অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মনোয়ার পাটোয়ারী ও চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ২ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, চলন্ত অবস্থায় বগি কোথায় আলাদা হয়েছিল তা স্পষ্ট নয়। দূর থেকে বিচ্ছিন্ন অংশ আসতে দেখে গেটম্যান রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

রাজবাড়ীরেল দুর্ঘটনালেভেল ক্রসিংনিহতট্রেন