রাজধানীর মুগদায় ঘরের ফ্যানে মিলল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

রাজধানীর মুগদা এলাকা থেকে মো. সবুজ বাবু (২০) নামের এক তরুণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পাগল চাঁন হোটেল সংলগ্ন একটি বাসার নিচতলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। দুপুর নাগাদ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত তরুণ পরিবারের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তারেক দিপু জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সকালে ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর প্যাঁচানো অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
স্বজন ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কিছুদিন আগে মাদকের টাকার জন্য বাবার সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এরপর থেকে ওই পরিবারে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও কোন্দল চলছিল। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া সম্ভব বলে জানিয়েছে পুলিশ।