জাতীয়

রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ জন

২ আগস্ট ২০২৬
রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ জন
ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২ হাজার ৪৮৮ জন। নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী ও ১৩১টি শিশু রয়েছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ১২৪টি দুর্ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪০৭টিতে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ২০২৩ সালে, যেখানে ২৯৬টি দুর্ঘটনায় ২৮৯ জন নিহত হন। চলতি বছরের প্রথম সাত মাসে ২৩৩টি দুর্ঘটনায় ১৩৭ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে ঢাকা শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিহতদের মধ্যে পথচারীর সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট মৃত্যুর ৫৯২ জন বা ৪২.৭৭ শতাংশ। এ ছাড়া ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান ও ময়লাবাহী ট্রাকের সংখ্যা ৩৩.২৫ শতাংশ। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত বাইপাস সড়ক না থাকায় পণ্যবাহী যানবাহনের বেপরোয়া গতি এবং যানজটজনিত চালকদের অস্থিরতাকে এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনা রোধে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান কোম্পানিভিত্তিক বাস সেবা চালুর ওপর জোর দিয়েছেন। পাশাপাশি বিআরটিএ, বিআরটিসি, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের মধ্যে সমন্বিত কার্যক্রমে জোর দেওয়ার কথা বলেছেন।

সড়ক দুর্ঘটনারোড সেফটি ফাউন্ডেশনরাজধানীপ্রাণহানি