রাউজানে যুবদল নেতা হত্যা: দুই অস্ত্রধারী গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে মো. দিদার আলম ও আবছার মিয়া নামের এই দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গ্রেপ্তার দুজনই সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। তাঁদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আসামি দিদারের বিরুদ্ধে ১৩টি এবং আবছারের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তাঁরা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত মোহাম্মদ রায়হানের অনুসারী।
এর আগে এই হত্যা মামলার আসামি ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যুবদল নেতা মাসুদকে কী উদ্দেশ্যে এবং কার আদেশে হত্যা করা হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সুপার জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকায় তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।