রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি, ৪ জেলার এসপি বদলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার পৃথক ৪টি প্রজ্ঞাপন জারি করে মোট ২৩ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। এই বদলির মধ্যে রয়েছে পুলিশের দুটি প্রধান রেঞ্জে নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) নিয়োগ এবং চারটি জেলায় পুলিশ সুপার (এসপি) বদলি।
রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
জেলা পর্যায়ের বদলিতে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়। সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। তাঁর স্থলে পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।