যৌন নিপীড়নের অভিযোগ: সাবেক মার্কিন আইনপ্রণেতার বাড়িতে এফবিআই

যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই। একই সঙ্গে সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে এই সাবেক আইনপ্রণেতার ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।
ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা ও ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত সোয়ালওয়েল গত এপ্রিলে পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে ১ জন নারী যৌন নির্যাতন এবং আরও ৪ জন যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। এসব অভিযোগের কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নরের দৌড় থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
যৌন কেলেঙ্কারির পাশাপাশি চীনা গুপ্তচর সন্দেহে চিহ্নিত ক্রিস্টিন ফ্যাং নামের এক নারীর সঙ্গে অতীতের সম্পর্কের কারণেও বিতর্কের মুখে পড়েন সোয়ালওয়েল। ওই ঘটনার জেরে ২০২৩ সালে তাঁকে হাউস ইন্টেলিজেন্স কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। তবে গোয়েন্দাদের সতর্কবার্তার পর সেই সম্পর্ক শেষ করেছিলেন বলে জানান তিনি। পরবর্তীতে হাউস এথিক্স কমিটি কোনো ব্যবস্থা না নিয়েই তদন্তটি বন্ধ করে দেয়।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় কৌঁসুলি হিসেবে কাজ করেছিলেন সোয়ালওয়েল। সম্প্রতি হোয়াইট হাউস ফ্যাংয়ের সঙ্গে সোয়ালওয়েলের সম্পর্কের ফাইল প্রকাশ করলে তাঁর আইনজীবী এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এদিকে তাঁর ছেড়ে যাওয়া কংগ্রেস আসনে হাড্ডাহাড্ডি উপনির্বাচনে ভোট গণনা চলছে, যেখানে প্রগতিশীল প্রার্থী আয়েশা ওয়াহাব প্রায় ৩০০ ভোটে এগিয়ে রয়েছেন।