যাত্রাবাড়ীতে রিকশা যাত্রীর ছিনতাইয়ের চেষ্টা, ট্রাফিক পুলিশের হাতে গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক ডিউটিরত পুলিশের দ্রুত পদক্ষেপে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এই ঘটনাটি ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বুধবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগের দুইজন সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন।
এসময় একজন রিকশা যাত্রী ছিনতাইকারীর কবলে পড়ে চিৎকার করেন। এ শব্দে ট্রাফিক সার্জেন্টদ্বয় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতার সহযোগিতায় তারা ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতের নাম মো. হৃদয় (২৮)। তার কাছ থেকে একটি ছুরি ও একটি ট্যাব উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত মালামালসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।