মেহের নিউজ প্রকাশ করল মোজতবা খামেনির ভিডিও
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি টেলিগ্রামে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে। গতকাল শনিবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।
ভিডিওটিতে মোজতবা খামেনিকে কয়েকজন মানুষের বেষ্টনীতে থাকতে দেখা যায়। তিনি আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন বলে মনে হচ্ছে। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, তা মেহেরের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একইভাবে, তাঁকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও গোপন রাখা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন।
এই হামলার জবাবে ইরান ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে মার্চের শুরুতে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।